‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক
মো. কামাল উদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসা ঘেরাওয়ের পর মো. কামাল উদ্দিন নামের এক আইনজীবীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি পরিচয় দিয়ে দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে আসছিলেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিকলবাহার সিডিএ মইজ্জারটেক এলাকার ভাড়া বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে, কয়েকজন স্থানীয় ব্যক্তি তার বাসা ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আটককৃত কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জানা গেছে, গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কয়েকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ গণমাধ্যমকে বলেন, অ্যাডভোকেট কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। উনি আমাদের হেফাজতে রয়েছেন।

/এফআর/