‘চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলব’, ইসলামী ফ্রন্ট নেতাকে হুমকি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলব’, ইসলামী ফ্রন্ট নেতাকে হুমকি
ইলিয়াস নুরী

চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুঠোফোনে কল করে ১৫ মিনিটের মধ্যে বিকাশে চাঁদার টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

হুমকির শিকার মাওলানা ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে কল করে চাঁদা দাবি করা হয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে টাকা দাবি করেন। ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল করে চাঁদা পাঠিয়েছেন কি না জানতে চান। এ সময় দ্রুত টাকা না পাঠালে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, দ্বিতীয়বার ফোন করে ওই ব্যক্তি বলেন, ‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে।’

ইলিয়াস নুরী জানান, প্রথমবার ফোন করার সময় তিনি মসজিদে ছিলেন। চাঁদা দাবি করা হলেও নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক জানানো হয়নি। এমনকি ফোন করা ব্যক্তি নিজের পরিচয়ও দেননি। শুধু বিকাশের একটি নম্বরে টাকা পাঠাতে বলেন।

তিনি বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/