আফ্রিকার কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয়: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আফ্রিকার কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয়: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের কাছে একমাত্র বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে নাজমুল হক লিখেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার-এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না।

তিনি লিখেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে-গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?

নাজমুল হক লিখেন, বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার!

তিনি লিখেন, ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। আর দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’-এমনই দায়িত্বহীন অবস্থান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব লিখেন, যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।

/এসবি/