শিরোনাম

এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ
শওকত ইমরান

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ব্যাংকারকে অপহরণ করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম।

অভিযুক্তের নাম শওকত ইমরান। তিনি বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক।

রবিবার (২ আগস্ট) বিকালে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইব্রাহীম আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কর্মরত। গত শনিবার দুপুরে তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ইসলামী ব্যাংকের একটি বুথ থেকে বেতন উত্তোলন করেন। পরে অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছলে এনসিপি নেতা শওকত ইমরান ও অজ্ঞাত আরও ৪ জন দুটি মোটরসাইকেল দিয়ে তার অটোরিকশার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে আটকে রাখা হয়।

আশরাফুলের দাবি, সেখানে তাকে নির্যাতন করা হয়। কয়েকজন তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। এ সময় অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি জবানবন্দির ভিডিও রেকর্ড করেন। পরবর্তীতে আরও টাকা দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা না পাঠালে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ওসি জানান, গত শনিবার জেলা এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/জেএইচ/