বাসাবোতে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাসাবোতে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান
রাজধানীর মধ্য বাসাবো খেলার মাঠের পাশে একটি ভবনে রাজউকের অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বাসাবোতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্মাণাধীন দুইটি ভবন ভেঙে দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে রাজউকের (খিলগাঁও, মগবাজার, সিপাহীবাগ, মালিবাগ, পল্টনসহ) জোন ৬/১ এর আওতাধীন মধ্য বাসাবো খেলার মাঠের পাশে একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবনটির নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। এছাড়া ভবনের মালিককে এক মাসের মধ্যে নকশা অনুযায়ী কাজ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়।

মধ্য বাসাবো এলাকার একটি ভবনে রাজউকের অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
মধ্য বাসাবো এলাকার একটি ভবনে রাজউকের অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজউকের এই ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান, অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার তন্ময় দেবনাথ ও মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সেলিম বকাউল এবং ইমারত পরিদর্শক মো. ইয়াসিন মিয়া।

ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড বাংলা পার্ক ভিউয়ের দায়িত্বে থাকা একজন বলেন, রাজউক কোনো ধরনের নোটিশ ছাড়া এভাবে অভিযান চালিয়েছে। আগে থেকে জানালে আমরা নথিপত্র সঙ্গে নিয়ে রাখতাম। আমরা দুই মাস সময় চেয়েছিলাম। মাত্র এক মাসের সময় দিয়েছে। চেষ্টা করবো নির্ধারিত সময়ের মধ্যে ভবনের নকশা অনুযায়ী কাজ করার জন্য।

বাসাবোর কদমতলা রোডের একটি ভবনে রাজউকের অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
বাসাবোর কদমতলা রোডের একটি ভবনে রাজউকের অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

অভিযানে পূর্ব বাসাবো ৮৮/ ডি কদমতলা রোডের আরও একটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। দুইটি ভবনেরই বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, আমরা দুপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। মধ্য বাসাবোর একটি ভবনের বেজমেন্টে বাড়তি জায়গা দখল করায় নকশা বহির্ভূত অংশটুকু ভাঙা হয়েছে। এছাড়া পূর্ব বাসাবোর কদমতলা এলাকায় আরও একটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে।

/এফসি/