নতুন করে সাজানো হবে রমনা পার্ক, থাকছে যেসব সুবিধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন করে সাজানো হবে রমনা পার্ক, থাকছে যেসব সুবিধা
জনসচেতনতামূলক সমাবেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ অন্যরা

রাজধানীর রমনা পার্ককে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এর মধ্যে রয়েছে পার্কের ভাঙাচোরা অবকাঠামো মেরামত, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শৌচাগারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জরুরি চিকিৎসাসেবা চালু। পাশাপাশি পার্কের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্প্রতি এক জনসচেতনতামূলক সমাবেশে এসব বিষয় উঠে আসে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতালেব সাজ্জাদ মাহমুদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

সমাবেশে রমনা পার্কের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, পার্কের অনেক স্থানে ডাস্টবিন নষ্ট হয়ে গেছে কিংবা সরিয়ে ফেলা হয়েছে। কোথাও কোথাও ডাস্টবিনের ঢাকনায় আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। লেকের সেতুর অসমতল অংশ, হাঁটার পথের উঁচু-নিচু অবস্থা এবং প্রবেশপথে হকারদের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে গাছের গোড়ায় শুকনো পাতা জমিয়ে রাখার বিষয়টিও আলোচনায় আসে।

পার্কের শৌচাগারগুলোর পরিচ্ছন্নতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। বিশেষ করে পার্কে ঘুরতে আসা মানুষ ও নিয়মিত হাঁটতে যাওয়া ব্যক্তিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পার্কের বিদ্যমান অবকাঠামো ও নাগরিক সুবিধাগুলোর রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পথ ও লেকের সেতু মেরামত, টেকসই ডাস্টবিন স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শৌচাগারের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পার্কের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবদারুসহ উপযোগী দেশীয় গাছ লাগানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

পার্কের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। মাদকাসক্তি, অননুমোদিত কর্মকাণ্ড এবং প্রবেশপথে অনিয়ন্ত্রিত হকারের উপস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মত দেন বক্তারা। একই সঙ্গে পার্কের ভেতরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন করতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সমাবেশে পার্কের নিয়মিত ব্যবহারকারী, ওয়াকার্স ফেডারেশন, স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি অংশীজনভিত্তিক অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব উঠে আসে। এ কমিটি পার্কের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা করতে পারে বলে মত দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, পার্ক পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারি সংস্থার নয়। যারা পার্ক ব্যবহার করেন, তাদেরও দায়িত্বশীল হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ডাস্টবিন ব্যবহার, শৌচাগার পরিষ্কার রাখা এবং পার্কের গাছপালা ও স্থাপনা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

জাপান ও সিঙ্গাপুরের মতো পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা, নিয়মিত পরিচর্যা ও জবাবদিহি এমন মতও উঠে আসে আলোচনায়।

গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, সীমিত অর্থ ও সম্পদের বিষয়টি বিবেচনায় রেখে প্রথমে বিদ্যমান স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং জরুরি নাগরিক সুবিধা নিশ্চিত করার দিকে নজর দেওয়া হবে। প্রয়োজনীয় অর্থায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের ভিত্তিতে ধাপে ধাপে এসব কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এফআর/