জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো বিতর্ক উৎসব

জাবি সংবাদদাতা
জাবি সংবাদদাতা
জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো বিতর্ক উৎসব
জাবিতে শেষ হলো বিতর্ক উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবে দেশের ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক বিতার্কিক অংশ নিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানে ১৩ নভেম্বর শুরু হওয়া এ উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি তিনটি পর্যায়েই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্যমতে, উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)।

আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) এবং রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।

অন্যদিকে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮)। রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।

এ ছাড়া স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা।

প্রথম রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান এবং দ্বিতীয় রানার্সআপ একই প্রতিষ্ঠানের মির্জা মুক্তাদির মাহদি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান এবং তাসফিকুর রশিদ তুর্য।

উৎসবের আহ্বায়কের দায়িত্বে ছিলেন জেইউডিওর সভাপতি আল লুবান। বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের দুর্বার শামিত আদি।

/এসবি/