মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর
মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর মহাখালীতে অবস্থিত দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থী ও রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থীসহ রেস্টুরেন্টটির বেশ-কয়েকজন কর্মী আহত হন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

আহত ওই শিক্ষার্থীর নাম আদনান। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হামলার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রেস্টুরেন্টটির দায়িত্বপ্রাপ্ত এক ম্যানেজার জানান, শুক্রবার হওয়ায় সেদিন প্রতিষ্ঠানে ক্রেতাদের চাপ তুলনামূলক বেশি ছিল। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক ব্যক্তি কোনো টোকেন ছাড়াই ছয়জনের জন্য নির্ধারিত একটি টেবিলে একা বসেন। বিষয়টি কর্মীরা তাকে জানালে এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মীদের ওপর হামলা চালান এবং রেস্টুরেন্টে ভাঙচুর করেন।

অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে বসার জায়গা নিয়ে কর্মীদের সঙ্গে তাদের সহপাঠীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মীরা তাদের সহপাঠীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন। তখন কর্মীরা তাদের ওপরও হামলা চালান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে আহত শিক্ষার্থী আদনান বলেন, শুরুতে কয়েকজন শিক্ষার্থী খাবার খেতে গেলে সিরিয়াল অনুযায়ী বসাকে কেন্দ্র করে রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং গায়ে হাত তোলেন। কর্মীর সংখ্যা ৫০ থেকে ৬০ জন হওয়ায় তারা শিক্ষার্থীদের মারধর করেন।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা একসঙ্গে সেখানে যাই। ভেতরে গিয়ে কর্মীদের কাছে সহপাঠীদের ওপর হামলার কারণ জানতে চাইলে রেস্টুরেন্টের কর্মীরা আমাদের ওপরও চড়াও হন। একপর্যায়ে ওপর থেকে ছুড়ে মারা একটি চেয়ার সরাসরি আমার মাথায় এসে লাগে। এতে আমার মাথা ফেটে রক্তপাত শুরু হয়। পরে সহপাঠীরা আমাকে উদ্ধার করে নিচে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করেন।

/এফআর/