বাজেটের প্রভাব নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাজেটের প্রভাব নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে অতিথি ও আলোচকেরা

জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব, বিনিয়োগ পরিস্থিতি, ব্যবসায়িক আস্থা এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের উদ্যোগে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। তিনি বলেন, জাতীয় বাজেটের বিভিন্ন বিধান সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাজেটের এসব দিক সম্পর্কে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ও মতবিনিময় প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে অর্থনৈতিক নীতিমালা সম্পর্কে পারস্পরিক ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীসমাজ ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে। এ জন্য ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা দেওয়া, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ করা প্রয়োজন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা তহবিল সহজলভ্য করা, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ে অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে সহায়তা বাড়াতে হবে।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা দেশের অর্থনীতি ও করপোরেট খাতের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। পর্বটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ. জে. মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক ড. মো. মোখলেছ উর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। এ ছাড়া আলোচনায় অংশ নেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ. কে. এম. আতিকুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমআর/