ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

জবি সংবাদদাতা
জবি সংবাদদাতা
ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে
আদালত প্রাঙ্গণে রিমান্ডপ্রাপ্ত রেজওয়ান আহম্মেদ

ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত রেজওয়ান জবির মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক।

প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষে হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘ছাত্রলীগ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দেশকে অস্থিতিশীল, জনমনে আতঙ্ক, ছাত্রলীগকে উজ্জীবিত করার জন্য কর্মসূচি দিয়ে আসছে। এ আসামিকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, ‘ঘটনা কথা বলা হয়েছে সন্ধ্যা ৭টা আর ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে ১১টায়। তাহলে এই ৪ ঘণ্টা আসামি কোথায় ছিল। এ আসামি পরীক্ষা দেয় ওইদিন। পরে তাকে মব করে মারধর করা হয় এবং পুলিশে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘তাহলে কি এই আসামি ৪ ঘণ্টা ককটেল পকেটে নিয়ে ঘুরছিল। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চলছে। তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। এই অবস্থায় ওই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে রেজওয়ানকে মব করে পুলিশে দেয় রেজওয়ানসহ ছাত্রদল নেতারা। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।’

শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার রাত ৭টা ৪৫ এর দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করে, এজাহারনামীয় অন্যান্য আসামিরা এবং ২৫/৩০জন অজ্ঞাত আসামিরা ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখানে উত্তেজিত জনতা তাকে মারধর করায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।

/এফআর/