শিরোনাম

জাবিপ্রবির উন্নয়নে ১ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জাবিপ্রবি সংবাদদাতা
জাবিপ্রবি সংবাদদাতা
জাবিপ্রবির উন্নয়নে ১ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)

দীর্ঘ সাড়ে আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পথে এগিয়ে গেল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ, স্থায়ী ক্যাম্পাস উন্নয়ন এবং শিক্ষা-গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১ হাজার ৫৭৩ কোটি ৬০ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর এ তথ্য ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ২৮ নভেম্বর গেজেটভুক্ত হওয়ার পর থেকে নিজস্ব পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও আধুনিক অবকাঠামোর অভাবে নানা সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর একাধিকবার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উত্থাপন করা হলেও তা দীর্ঘদিন অনুমোদনের অপেক্ষায় ছিল। ফলে একটি পুরোনো ফিশারিজ কলেজের অবকাঠামোতেই পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

স্থায়ী ক্যাম্পাস, আধুনিক অ্যাকাডেমিক ভবন, গবেষণাগার ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করেন। নতুন বাজেটে এ বিপুল বরাদ্দের প্রস্তাবকে তাদের দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘদিনের প্রত্যাশার পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এমন একটি বড় বরাদ্দের প্রস্তাব শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরার জন্য জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতিও ধন্যবাদ জানান।

উপাচার্য আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেট চূড়ান্তভাবে অনুমোদিত হলে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও আধুনিক ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করা হবে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

উল্লেখ্য, আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জাবিপ্রবির জন্য প্রস্তাবিত এ বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এমআর/