তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের শেষ ধাপ, অপেক্ষায় পদপ্রত্যাশীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের শেষ ধাপ, অপেক্ষায় পদপ্রত্যাশীরা
তিতুমীর কলেজ ক্যাম্পাস। ছবি: সিটিজেন জার্নাল

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তোড়জোড় চলছে। কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের আবেদন গ্রহণ, সাক্ষাৎকার এবং প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি। এখন প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। তালিকা জমা দেওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের তৎকালীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গঠন করা হয় সার্চ কমিটি। দায়িত্বপ্রাপ্ত কমিটি পদপ্রত্যাশীদের মধ্যে আবেদন ফরম বিতরণ ও সংগ্রহের পাশাপাশি তাঁদের সরাসরি সাক্ষাৎকার নেয়।

কমিটি বিলুপ্তির পর থেকেই নতুন নেতৃত্বে আসতে আগ্রহী সাবেক কমিটির নেতাদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। ক্যাম্পাসে মিছিল, শোডাউন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন পদপ্রত্যাশীরা। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলছে নানা তৎপরতা।

এদিকে, বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় পদপ্রত্যাশী ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা বাড়ছে। কবে নাগাদ কমিটি ঘোষণা করা হবে, তা নিয়ে সংগঠনের ভেতরে চলছে নানা আলোচনা।

নতুন কমিটি ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মিরাজ আল ওয়াসি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তুরস্কে আছেন। এর আগে তিনি জাপান সফরে ছিলেন। যার ফলে কমিটি গঠন প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। সার্চ কমিটি ইতোমধ্যে নাম প্রস্তুত করছে। প্রক্রিয়াটি ঢাকা-১৭ আসনের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সানি ভাই সম্পন্ন করবেন। তিনি সফর শেষ করে ফিরে এলে হয়তো কিছুদিনের মধ্যে কমিটি দিয়ে দেবেন। সম্ভবত এ মাসের (নভেম্বর) শেষ নাগাদ কমিটি হতে পারে।’

একই বিষয়ে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী নোবেল হোসেন সূর্য বলেন, ‘কমিটি শিগগিরই হয়ে যাবে। সার্চ কমিটি এখনো আমাদের কমিটির তালিকা জমা দেয়নি। তবে আগামী ১০ দিনের মধ্যে জমা দেবে বলে আশা করছি।’

সার্চ কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সার্চ কমিটির প্রধান এজিএম শামসুল হক বলেন, ‘কমিটি কবে নাগাদ ঘোষণা করা হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আমাদের কাজ হচ্ছে প্রার্থীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া। ইতোমধ্যে বাছাইপর্ব শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই তালিকা কেন্দ্রে জমা দেওয়া হবে।’

তিনি আরও জানান, প্রার্থীদের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি ঘোষণা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের কমিটিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে দলের দুঃসময়ে ভূমিকা রাখা, ত্যাগী এবং বিতর্কের বাইরে থাকা নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

/এমআর/