শিরোনাম

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ইডেন কলেজ

সিটিজেন ডেস্ক
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ইডেন কলেজ
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ। ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ইডেন মহিলা কলেজ।

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে আবাসিক হলের একদল শিক্ষার্থী কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এবং ‘ইডেন কলেজে রাজনীতি চলবে না’— এমন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের একাধিক গেট ভাঙারও চেষ্টা করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, কলেজে পুনরায় ছাত্ররাজনীতি সক্রিয় করার অপচেষ্টা চলছে। এর প্রতিবাদে তারা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানান। এ সময় গেটে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটে।

ঘটনার বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন আছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জের ধরে রাতেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।

ইডেন কলেজের শিক্ষার্থী সুরাইয়া বেগম বলেন, ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ— এটা সবাই জানে। গেটে এমন একটি লেখা ছিল। কিন্তু সন্ধ্যায় দেখি সেটি মুছে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, “কয়েকজন শিক্ষার্থী স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আবারও ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর প্রতিবাদেই আমরা মধ্যরাতে আন্দোলনে নেমেছি।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইডেন কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশ সদস্যরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

/এমআর/