শিরোনাম

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলার প্রতিবাদে মানববন্ধন

জাবি সংবাদদাতা
জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং ধর্ষণচেষ্টাকারীর দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ মানববন্ধন থেকে উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

দর্শন বিভাগ শিক্ষার্থী সংসদের সাবেক ভিপি রাসেল আকন্দ বলেন, একটি সংগঠনের কিছু শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, সাম্প্রতিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সকলের একমাত্র দাবি হওয়া উচিত ছিল অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী মূল বিচার দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রশাসনিক পদত্যাগের ইস্যুকে সামনে এনেছে। জুলাই আন্দোলনের আগে থেকেই উপাচার্য শিক্ষার্থীদের পক্ষে এবং আওয়ামী দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমন একজন শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসমাজ ও আন্দোলনকারীদের জন্য লজ্জাজনক।

উল্লেখ্য, গত ১৬ মে রাত ২টার দিকে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রক্টরের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং তাকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করে।

/এসআর/