ভিসির বিবৃতি প্রত্যাখ্যান, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ভিসির বিবৃতি প্রত্যাখ্যান, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান
ভিসির বিবৃতি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের (ভিসি) দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়।

এর আগে, গতকাল শনিবার এক বিবৃতিতে ভিসির দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে চার দফা দাবি জানান শিক্ষার্থীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে– ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ সেশন থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে অ্যাকাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি সংযুক্ত কলেজের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা।

এদিকে, আজকের কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কার্যকর করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২১-২২ সেশন থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, সাতটি সংযুক্ত কলেজের যেকোনো একটি ক্যাম্পাসে দ্রুত প্রশাসনিক ভবন চালু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে পুরোনো প্রথা ও জটিলতা দূর করে শিক্ষার্থীবান্ধব অ্যাকাডেমিক কাঠামো চালুর দাবি জানান তারা।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

পরে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবার ঢাকা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।

/এফআর/