আজকের আবহাওয়া: ১১ জেলায় ঝড়ের আভাস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজকের আবহাওয়া: ১১ জেলায় ঝড়ের আভাস
ঝড়-বৃষ্টি ও বজ্রপাত

সারাদেশের আবহাওয়ার আপডেটে আজ ঢাকাসহ দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কেমন থাকবে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি—

দেশের ১১টি জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

/জেএইচ/