ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে যেসব এলাকায়
ঝড়

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি কিছুটা কমিয়ে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। এটি শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

অন্যদিকে দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এতে বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/জেএইচ/