কয়টি জেলা ঘুরেছেন, নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
কয়টি জেলা ঘুরেছেন, নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কেউ ঘুরেছেন কয়েকটি জেলা, আবার কারও ভ্রমণের তালিকায় রয়েছে দেশের প্রায় সব জেলা। তবে এতদিন কোথায় কোথায় ঘোরা হয়েছে, আর কোন জেলাগুলো এখনো বাকি—এই হিসাব আলাদা করে রাখা বেশ ঝামেলার ছিল। এখন সেই হিসাবই রাখা যাবে একটি অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে। নিজের ঘুরে দেখা জেলাগুলো নির্বাচন করে কয়েকটি ধাপেই তৈরি করা যাবে বাংলাদেশের ব্যক্তিগত ট্রাভেল ম্যাপ। পরে সেটি ছবি হিসেবে সংরক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা যাবে।

যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ

ম্যাপ তৈরি করতে প্রথমে যেতে হবে unseenbangladesh.com ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার একটি ইন্টার‌্যাকটিভ মানচিত্র দেখা যাবে।

আপনি যে জেলাগুলোতে আগে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। এজন্য তালিকা থেকে জেলার নাম বেছে নেওয়া যায়। চাইলে মানচিত্রে সরাসরি নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি নির্বাচন করা যাবে।

কোনো জেলার অবস্থান বা নাম দ্রুত খুঁজে পেতে রয়েছে সার্চ অপশন। ফলে ৬৪ জেলার তালিকা ঘেঁটে আলাদা করে খুঁজতে হবে না।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যাও ম্যাপে দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ভ্রমণ করা হয়ে থাকলে সেখানে ১০/৬৪ হিসেবে ভ্রমণের অগ্রগতি দেখা যাবে।

একবারে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর আগের নির্বাচন মুছে নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।

পছন্দমতো সাজিয়ে নিন ম্যাপ

শুধু জেলার তালিকা নির্বাচন করলেই কাজ শেষ নয়। নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানোর সুযোগও রয়েছে।

এতে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দের থিম নির্বাচন করে ম্যাপের রং ও উপস্থাপনা বদলে নেওয়া যাবে। পাশাপাশি চাইলে ম্যাপের সঙ্গে নিজের একটি ছবি যুক্ত করা যাবে।

ম্যাপে নিজের নাম লেখার ব্যবস্থাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ফলে এটি শুধু ভ্রমণের হিসাব রাখার মাধ্যম নয়, বরং নিজের দেশভ্রমণের স্মৃতি ধরে রাখার একটি ডিজিটাল উপায় হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে

ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন এবং প্রয়োজন অনুযায়ী থিম, নাম ও ছবি যোগ করার পর পেজের নিচের দিকে যেতে হবে।

সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে তৈরি করা ম্যাপটি সংরক্ষণ করা যাবে। ডাউনলোডের জন্য PNG, JPG ও PDF—এই তিন ধরনের ফরম্যাটের সুবিধা রয়েছে।

অর্থাৎ, দেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন, কোন কোন জেলা এখনো বাকি—সবকিছুর একটি সুন্দর ভিজ্যুয়াল হিসাব কয়েক ক্লিকেই তৈরি করে রাখা সম্ভব।

/এবি/