ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা
প্রতীকী ছবি

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক এ নির্দেশ দেন। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি অন্যতম বড় অঙ্কের জরিমানার ঘটনা।

নিউ মেক্সিকো কর্তৃপক্ষ ২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলাটি করে। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে করা এ মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল মেটা।

দুই সপ্তাহের শুনানি শেষে গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে আদেশ দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।

আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। সেই হিসাবের ভিত্তিতে বুধবার সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে. ম্যাথিউ মেটাকে এ জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের এ সিদ্ধান্ত মেটার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ব্যবহারকারীদের ক্ষতির অভিযোগে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা মেটার বিরুদ্ধে হাজারো মামলা করেছেন। এসব মামলায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ানো, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এসব আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো মেটার বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে করা পৃথক একটি মামলায় গত আগস্টে মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়। এর আগে গত মার্চে একই মামলায় প্রতিষ্ঠানটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

/এফআর/