মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রামে যাদের ওপর বাড়ছে কড়াকড়ি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রামে যাদের ওপর বাড়ছে কড়াকড়ি
ছবি: সংগৃহীত

যত দিন যাচ্ছে, প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। এর সঙ্গে বাড়ছে প্রযুক্তির প্রতি মানুষের আসক্তিও। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। এজন্য সামাজিকমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বিপুল অঙ্কের আর্থিক সমঝোতার মুখে এ উদ্যোগ নিয়েছে জায়ান্ট প্রতিষ্ঠানটি।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। অনেকে একাউন্ট খোলার সময় ১৮ বছরের বেশি বয়স লেখেন। আচরণগত তথ্যের ভিত্তিতে তাকেও কিশোর হিসেবে শনাক্ত করা হতে পারে। তার জন্য স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত অ্যাকাউন্টের সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।

মেটা বলছে, এ প্রযুক্তি চালুর পর থেকে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেটার নতুন এই এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তার সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল প্রতিষ্ঠানটি।

জানা গেছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে মেটা।

মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে-

  1. ১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
  2. কিশোরদের প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেয়ার পরামর্শ
  3. রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা
  4. দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা
  5. অন্যদের সঙ্গে তুলনা তৈরি করতে পারে-এমন লাইক ও রিঅ্যাকশনসংক্রান্ত কিছু ফিচার সীমিত করা
  6. কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ
  7. এছাড়া কিশোরদের প্রতি ১৫ মিনিট একটানা ব্যবহারের পর বিরতি নেয়ার পরামর্শ দেওয়া হবে দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মেটার এই উদ্যোগ অভিভাবকদের জন্য অনেকটাই স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/জেএইচ/