শিরোনাম

ভারতে কার্যক্রম বন্ধ, ২৫০ কর্মী ছাঁটাই মার্কিন কোম্পানির

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ভারতে কার্যক্রম বন্ধ, ২৫০ কর্মী ছাঁটাই মার্কিন কোম্পানির
ওপেনডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ নেজাতিয়ান। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ভারতে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। এই সিদ্ধান্তের ফলে ভারতে প্রতিষ্ঠানটির প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

ওপেনডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজ নেজাতিয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানির ব্যবসায়িক রূপান্তরে কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহকসেবা সংক্রান্ত কার্যক্রমগুলো যুক্তরাষ্ট্রের গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া।

নেজাতিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, গত কয়েক মাস ধরেই কোম্পানি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতে ওপেনডোরের কার্যক্রম সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ব্যবসায়িক কার্যক্রম স্থানান্তরের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, তাদের মূল গ্রাহকরা যেহেতু যুক্তরাষ্ট্রে থাকেন, তাই গ্রাহকসেবা ও অন্য আনুষঙ্গিক কাজগুলো তাদের কাছাকাছি থেকে পরিচালনা করাই বেশি যুক্তিযুক্ত।

তিনি আরও বলেন, আগে বিভিন্ন সিস্টেমে হাতে-কলমে কাজ করার জন্য ভারতে একটি বড় কর্মী দল গড়ে তোলা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত দল গঠনের ফলে এই ধরনের কাজের জন্য বিদেশে কর্মী রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে।

ওপেনডোরের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি হারানো কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজ, অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজার ক্ষেত্রে বিশেষ সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে ট্রানজিশন বা রূপান্তর প্রক্রিয়াটি মসৃণ করতে একটি ছোট কর্মী দল সাময়িকভাবে কাজ চালিয়ে যাবে।

/এফসি/