১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স
এক্সের লোগো

ভিডিও নির্মাতাদের জন্য আর্থিক পুরস্কারের নতুন সুযোগ তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটিতে মৌলিক ভিডিও কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ৩০ দিনের মধ্যে ১৫টি ভিডিও প্রকাশ করতে পারলে পাওয়া যাবে ৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

তবে এ সুবিধা এখনই সব নির্মাতার জন্য চালু হয়নি। পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু কনটেন্ট নির্মাতাকে এ কর্মসূচিতে যুক্ত করছে এক্স। ফলে নির্ধারিত শর্ত পূরণ করলেও আমন্ত্রণ না পাওয়া ব্যক্তিদের পক্ষে আপাতত এতে অংশ নেওয়া সম্ভব হবে না।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রচলিত অনেক মনিটাইজেশন ব্যবস্থায় ভিডিওর ভিউ ও দর্শকসংখ্যার ওপর ভিত্তি করে আয় নির্ধারিত হয়। কিন্তু নতুন এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করতে পারলেই নির্দিষ্ট অঙ্কের বোনাস পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, পুরস্কার পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক অর্জনের বাধ্যবাধকতা নেই।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ১৫ দিনে অন্তত একটি করে ভিডিও প্রকাশ করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করে এ শর্ত পূরণ করা যাবে না। প্রতিটি ভিডিও হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটের এবং দৈর্ঘ্য তিন মিনিটের কম। ভিডিওর ক্ষেত্রে মৌলিকত্ব বজায় রাখাও বাধ্যতামূলক। নির্মাতারা নিজেদের তৈরি এমন ভিডিও এক্সে প্রকাশ করতে পারবেন, যেগুলো আগে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে। তবে ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকলে তা গ্রহনযোগ্য হবে না।

ভিডিও কিকস্টার্ট বোনাসে অংশ নেওয়ার জন্য এক্সের আমন্ত্রণ পাওয়া আবশ্যক। এখন পর্যন্ত কোন যোগ্যতার ভিত্তিতে নির্মাতাদের নির্বাচন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়নি প্ল্যাটফর্মটি।

আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে ‘প্রোগ্রামস’ বিভাগ থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এক্সের আগে থেকেই ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে একটি পুরস্কার কর্মসূচি রয়েছে। তবে নতুন ভিডিও কিকস্টার্ট বোনাসের সঙ্গে এ ব্যবস্থার যোগ্যতার শর্তে পার্থক্য রয়েছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের সুবিধা পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। বিপরীতে, ভিডিও কিকস্টার্ট বোনাসের জন্য এসব যোগ্যতা বাধ্যতামূলক নয়।

নতুন কর্মসূচিটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ভবিষ্যতে সাধারণ ভিডিও নির্মাতাদের জন্যও এটি উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি এক্স।

/এসবি/