চ্যাটবটকে গালি দিলে নিজেরই ক্ষতি, বলছে গবেষণা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চ্যাটবটকে গালি দিলে নিজেরই ক্ষতি, বলছে গবেষণা
প্রতীকী ছবি

অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে গালাগাল কিংবা অপমানজনক কথাবার্তা বলে থাকেন। কেউ মজার ছলে, আবার কেউ ক্ষোভ থেকে এমনটি করে থাকেন। তবে এমনটি করলে ব্যবহারকারীর নিজেরই ক্ষতি হতে পারে। এতে তাদের কাঙ্ক্ষিত ও সঠিক সমাধান পাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ চ্যাটবটের সঙ্গে কথোপকথনে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে অ্যানথ্রপিক। গত ১২ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির নতুন ব্যবহারের নীতিমালা কার্যকর হয়েছে।

এ উদ্যোগের পর এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ, তাদের অনুভূতি আছে কিনা এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে থাকে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদ ও রিভিউ ওয়েবসাইট টেকরাডার।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের এ সিদ্ধান্তের পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক বিবেচনা কাজ করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি এর আগে এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। ফলে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে উল্লেখ করছেন।

গবেষণা বলছে, চ্যাটবটের সঙ্গে ভদ্রভাবে কথা বলা শুধু সামাজিক সৌজন্যবোধ নয়, বরং ভালো ও কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চ্যাটবটকে কারা বেশি গালাগালি করেন সে বিষয়ও উঠে এসেছে গবেষণায়। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীর তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগাল বা অপমানসূচক শব্দ ব্যবহার করে থাকেন। আর ৩৫ থেকে ৪৪ বছর বয়সিরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে। গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সঙ্গে খারাপ আচরণ শুধু নৈতিকতার প্রশ্ন নয়, বরং এতে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও কমতে থাকে।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি ৩ জন ব্যবহারকারীর মধ্যে ১ জন চ্যাটবটকে গালাগাল করেন কিংবা অপমানজনক কথা বলেন।

বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে এ গবেষণা করা হয়। এতে দেখা গেছে, কোনো ব্যবহারকারী চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে গালাগাল ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে চ্যাটবট ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু গালাগালা কিংবা অপমান করলে সমস্যার সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে। কেন অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কমে যায়, সে বিষয়ে নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেননি গবেষকরা।

গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির কারণও উঠে এসেছে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করার ফলে গালাগাল কিংবা অপমান করেন ১৯ শতাংশের ক্ষেত্রে। ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ করতে দেখা গেছে।

/জেএইচ/