শিরোনাম

নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো প্রচারণামূলক বার্তা আলাদা রাখতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা। এই সুবিধা চালু হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পাঠানো অফার, আপডেট ও অন্যান্য বাণিজ্যিক বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামে আলাদা একটি ফোল্ডারে সংরক্ষিত হবে। ফলে ব্যক্তিগত চ্যাটের ভিড়েও প্রয়োজনীয় বাণিজ্যিক বার্তা সহজেই খুঁজে পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী কয়েকটি নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে নতুন ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

মেটা জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হোয়াটসঅ্যাপ ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে ব্যক্তিগত ও বাণিজ্যিক বার্তা আলাদা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক এই ব্যবস্থায় ব্যাংক, বিমানসংস্থা, খুচরা বিক্রেতাসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের পাঠানো বার্তা প্রথমে ব্যবহারকারীর মূল চ্যাট তালিকায় প্রদর্শিত হবে। এরপর একটি নির্দিষ্ট সময় পার হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে স্থানান্তরিত হবে। বর্তমানে কত সময় পর বার্তা সরানো হবে, তা নির্ধারণে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে বার্তা ২৪ ঘণ্টা পর্যন্ত মূল ইনবক্সে রাখা হতে পারে।

এর ফলে পণ্যের ডেলিভারি সংক্রান্ত তথ্য, অর্ডারের অগ্রগতি, মূল্যছাড়ের অফার, কুপন কিংবা অন্যান্য সেবাসংক্রান্ত নোটিফিকেশন প্রথমে আগের মতোই মূল চ্যাটে দেখা যাবে। পরে সেগুলো আলাদা ফোল্ডারে চলে যাবে, যাতে ব্যক্তিগত বার্তার তালিকা আরও পরিচ্ছন্ন থাকে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ফিচারটি বন্ধ রেখে আগের মতো সব ধরনের বার্তাই মূল চ্যাট তালিকায় রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তা কতক্ষণ পর্যন্ত মূল ইনবক্সে থাকবে, তা ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। পরীক্ষামূলক ব্যবহারকারীদের মতামত ও ব্যবহার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসবি/