শিরোনাম

জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, মিলবে যেসব সুবিধা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, মিলবে যেসব সুবিধা
প্রতীকী ছবি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘জেমিনাই’ এখন আরও দ্রুত ও ব্যবহারবান্ধব হচ্ছে। ব্যক্তিগত থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে যারা নিয়মিত জেমিনাই ব্যবহার করেন, তাদের অভিজ্ঞতা আরও উন্নত করতে অ্যাপটির ইউজার ইন্টারফেসে নতুন পরিবর্তন এনেছে গুগল। এই হালনাগাদের মাধ্যমে ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন সহজ করার পাশাপাশি যুক্ত হয়েছে উন্নত নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘নাইনটুফাইভগুগল’ জানিয়েছে, আগে জেমিনাইয়ে গভীর বিশ্লেষণভিত্তিক উত্তর পেতে ব্যবহারকারীদের শুরুতেই একটি নির্দিষ্ট ‘থিঙ্কিং লেভেল’ বেছে নিতে হতো। নতুন সংস্করণে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে কাজ করবে। তবে কোনো প্রশ্নের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ প্রয়োজন হলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ মোড চালু করতে পারবেন। এতে অপ্রয়োজনীয় ধাপ কমে যাওয়ায় দ্রুত উত্তর পাওয়া সম্ভব হবে।

শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জেমিনাই অ্যাপে নতুন নোটিফিকেশন নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু করা হচ্ছে। এর মাধ্যমে অ্যাকাউন্ট সেটিংস থেকে কোন ধরনের নোটিফিকেশন গ্রহণ করবেন, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। ফলে অপ্রয়োজনীয় বার্তা এড়িয়ে প্রয়োজনীয় আপডেটগুলো সহজেই পাওয়া যাবে।

গত কয়েক মাস ধরে জেমিনাইয়ের ডিজাইন, ব্যবহার পদ্ধতি এবং বিভিন্ন ফিচারে ধারাবাহিক উন্নয়ন করে আসছে গুগল। সর্বশেষ এই পরিবর্তনও সেই উন্নয়ন পরিকল্পনার অংশ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

/এসবি/