যারা পাবেন না ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যারা পাবেন না ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লোগো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের সত্যতা যাচাইয়ের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। নির্ধারিত যোগ্যতা পূরণ করার পাশাপাশি পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে ব্যবহারকারীদের। যেসব অ্যাকাউন্টে ভুয়া পরিচয়, প্রতারণা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সেগুলো এই সুবিধা থেকে বাদ পড়তে পারে।

মেটার পরিকল্পনা অনুযায়ী, নতুন পদ্ধতিতে ভিডিও সেলফি ব্যবহার করে পরিচয় যাচাই করা হবে। ব্যবহারকারীর ধারণ করা ভিডিওর সঙ্গে ফেসবুক প্রোফাইলে থাকা ছবির তুলনা করে পরিচয়ের সত্যতা নির্ধারণ করা হবে। এই যাচাইয়ের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

যেসব অ্যাকাউন্টে মিলবে না বিনা মূল্যের ব্যাজ

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী: নির্ধারিত বয়সসীমা পূর্ণ না করলে ফ্রি ভেরিফিকেশন সুবিধা নেওয়া যাবে না। এ ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

ফেসবুক পেজ পরিচালনাকারী: এই ব্যবস্থায় আপাতত ব্যক্তিগত প্রোফাইলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ফেসবুক পেজের জন্য বিনা মূল্যের ব্যাজ পাওয়ার সুযোগ থাকছে না।

প্রফেশনাল মোড চালু থাকা প্রোফাইল: যেসব অ্যাকাউন্টে প্রফেশনাল মোড সক্রিয় রয়েছে, সেগুলো এই বিশেষ ভেরিফিকেশন ব্যবস্থার আওতায় পড়বে না।

কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গকারী অ্যাকাউন্ট: প্রতারণা, জালিয়াতি কিংবা বিভ্রান্তিকর কার্যক্রমের মাধ্যমে ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করলে ভেরিফিকেশনের যোগ্যতা হারাতে পারেন ব্যবহারকারীরা।

ভুয়া পরিচয় ব্যবহারকারী: প্রোফাইলে নিজের প্রকৃত পরিচয় গোপন করা বা অন্য কারও পরিচয়ে কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া গেলে বিনা মূল্যের ব্যাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না।

পরিচয় যাচাইয়ে সফল না হওয়া ব্যক্তি: ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির যথেষ্ট মিল না থাকলে পরিচয় নিশ্চিত করা কঠিন হবে। সে ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন নাও হতে পারে।

কীভাবে কাজ করবে ফ্রি ভেরিফিকেশন?

নতুন পদ্ধতিতে ভিডিও সেলফির মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করার কথা জানিয়েছে মেটা। প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যে শেষ হতে পারে। যাচাই সফল হলে ফেসবুকের যেসব জায়গায় এই সুবিধা সমর্থিত, সেখানে সংশ্লিষ্ট প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ প্রদর্শিত হবে।

তবে বিনা মূল্যের এই সুবিধা এবং অর্থের বিনিময়ে নেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন এক নয়। পেইড সাবস্ক্রিপশনে ভেরিফায়েড ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষা ও অন্যান্য অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, ফ্রি ভেরিফিকেশন ব্যবস্থায় কালো রঙের ব্যাজ ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে ভুয়া ছবি, নকল প্রোফাইল ও প্রতারণামূলক বার্তা তৈরি করা আগের তুলনায় সহজ হয়েছে। এ পরিস্থিতিতে অনলাইনে ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্ত করার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফেসবুকের মার্কেটপ্লেস, ডেটিং ফিচার ও বিভিন্ন গ্রুপে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের সময় তাদের পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। নতুন যাচাইব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেত্রে আস্থা বাড়ানো এবং ভুয়া পরিচয়ে প্রতারণার ঝুঁকি কমানোই মেটার অন্যতম লক্ষ্য।

/এসবি/