শিরোনাম

ইউটিউবের বড় চমক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউটিউবের বড় চমক
ইউটিউবের লোগো

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে একাধিক নতুন ফিচার। ভিডিও দেখা আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আকর্ষণীয় করতে ধাপে ধাপে এসব আপডেট চালু করা হয়েছে। ২৫ জুন থেকে নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটের সবচেয়ে আলোচিত সংযোজন হলো ‘ক্লিয়ার স্ক্রিন মোড’। এই ফিচার মাধ্যমে ভিডিও চলাকালীন স্ক্রিনে থাকা বিভিন্ন আইকন, বাটন, টেক্সট ও অন্যান্য অন-স্ক্রিন উপাদান সাময়িকভাবে অদৃশ্য হয়ে যাবে। ফলে দর্শকরা কোনো ধরনের ভিজ্যুয়াল বাধা ছাড়াই পুরো স্ক্রিনজুড়ে ভিডিও উপভোগ করতে পারবেন। বিশেষ করে সিনেমা, ডকুমেন্টারি বা দীর্ঘ ভিডিও দেখার ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য দেবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ইউটিউব শর্টসের জন্য যুক্ত হয়েছে ২ গুণ গতিতে ভিডিও দেখার সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগের তুলনায় দ্বিগুণ গতিতে শর্টস দেখতে পারবেন। ফলে অল্প সময়ে আরও বেশি ভিডিও দেখার সুযোগ তৈরি হবে। যা নিয়মিত শর্টস দর্শকদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।

ভিডিও প্লেব্যাক নিয়ন্ত্রণেও এসেছে বেশ কিছু পরিবর্তন। এখন কোনো ভিডিও বিরতি দেওয়ার পর সহজেই সেটি মিউট করা যাবে। পাশাপাশি ভিডিওর সময় নিয়ন্ত্রণ বা নেভিগেশন আরও সহজ করার জন্য নতুন কিছু কন্ট্রোলও যোগ করা হয়েছে। এতে ব্যবহারকারীদের ভিডিও পরিচালনার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ইউটিউবের ইন্টারফেসেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। এতদিন ব্যবহৃত লাইক আইকনের পরিবর্তে কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রামের মতো হার্ট আইকন যুক্ত করা হয়েছে। অন্যদিকে শর্টস বিভাগ থেকে ‘ডিসলাইক’ অপশন সরিয়ে তার পরিবর্তে ‘নট ইন্টারেষ্ট’ এবং ‘এই চ্যানেলটি সুপারিশ করবেন না’ অপশন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে নেওয়ার আরও কার্যকর সুযোগ পাবেন।

ইউটিউবের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন প্রায় ২০ কোটি মানুষ শর্টস দেখেন। এই বিপুল জনপ্রিয়তাকে আরও এগিয়ে নিতে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতেই নতুন ফিচারগুলো চালু করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, খুব শিগগিরই ইউটিউব ব্যবহারকারীদের জন্যও এসব আপডেট পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

/এসবি/