শিরোনাম

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন অ্যাপ আনছে ফেসবুক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন অ্যাপ আনছে ফেসবুক

বর্তমানে প্রতিনিয়তই নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটরের আত্মপ্রকাশ ঘটছে। ক্রিয়েটরদের এই ক্রমবর্ধমান সংখ্যার কথা মাথায় রেখে এবং তাদের কাজকে আরও সহজ করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

অ্যাপটির সবচেয়ে বড় আকর্ষন হলো এতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক সহকারী যুক্ত থাকবে । এআই ফিচারটি মূলত একজন ক্রিয়েটরের কনটেন্টের ধরণ, পুরনো পোস্টের পারফরম্যান্স, ফলোয়ারদের রিঅ্যাকশন এবং ক্রিয়েটরের ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে কার্যকর ও ব্যক্তিগত টিপস প্রদান করবে।

এখন থেকে ক্রিয়েটররা সহজেই তাদের এআই সহকারীকে নানা প্রশ্ন করতে পারবেন। যেমন- কোন সময়ে ভিডিও বা পোস্ট আপলোড করলে ভিউ বেশি হবে, কমেন্ট বক্সে দর্শকরা কী ধরনের মতামত দিচ্ছেন কিংবা কোন বিষয়গুলোর পারফরম্যান্স সবচেয়ে ভালো। শুধু তাই নয়, ক্রিয়েটররা চাইলে এআই-এর সাথে সাধারণ কথোপকথনের মতো নানা ধরণের গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পারবেন।

কমেন্ট ম্যানেজমেন্টেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। অ্যাপটির এআই গুরুত্ব বিবেচনা করে গুরুত্বপূর্ণ কমেন্টগুলোকে আলাদা করে সাজানো হবে। এমনকি ক্রিয়েটরের লেখার স্বাভাবিক ভঙ্গি বা টোন নকল করে স্বয়ংক্রিয়ভাবে খসড়া উত্তরও তৈরি করে দেবে। তবে সেই কমেন্টটি পোস্ট করার আগে ক্রিয়েটর তা এডিটি কিংবা বাদ দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখবেন।

প্রতিদিন অ্যাপটি ওপেন করতেই ক্রিয়েটরদের সামনে চলে আসবে তাদের আপলোড করা কনটেন্টের অগ্রগতির তালিকা। এক নজরেই দেখে নেওয়া যাবে সবশেষ পোস্টের হালচাল, মাসিক বা সাপ্তাহিক টার্গেটের কতটুকু পূরণ হলো এবং কোন কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া জরুরি।

ইউটিউব এবং টিকটকের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সাথে টেক্কা দিতেই মেটার এই নতুন উদ্যোগ। এর পেছনের মূল উদ্দেশ্য হলো- ক্রিয়েটররা যেন থার্ড-পার্টি কোনো এআই টুলের ওপর নির্ভর না করে সরাসরি ফেসবুকের প্ল্যাটফর্মেই তাদের সব কাজ সম্পাদন করতে পারেন।

মেটা জানিয়েছে, আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মুক্ত করা হয়েছে। যা ইতিপূর্বে সীমিত সংখ্যক ক্রিয়েটরদের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

/এসবি/