শিরোনাম

ফেসবুকে বিরক্তিকর ট্যাগিং বন্ধ করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ফেসবুকে বিরক্তিকর ট্যাগিং বন্ধ করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ দেখলেন অচেনা কোনো পোস্ট বা ছবিতে আপনাকে 'ট্যাগ' করা হয়েছে। শুধু তা-ই নয়, অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু, বিজ্ঞাপন কিংবা ভুয়া স্প্যাম লিংকে প্রতিনিয়ত নোটিফিকেশনের বন্যায় অতিষ্ঠ সাধারণ ব্যবহারকারীরা। অনুমতি ছাড়া নিজের প্রোফাইল টাইমলাইনে এসব পোস্টের উপস্থিতি একদিকে যেমন বিরক্তিকর, অন্যদিকে নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি।

তবে সাধারণ কয়েকটি সেটিং পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই ফেসবুকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ট্যাগিং পুরোপুরি নিয়ন্ত্রণ ও বন্ধ করা সম্ভব। জেনে নিন কীভাবে নিজেকে এসব বিরক্তিকর ট্যাগিং থেকে দূরে রাখবেন।

১. ‘ট্যাগ রিভিউ’ চালু রাখুন

কেউ আপনাকে কোনো পোস্ট বা ছবিতে ট্যাগ করলেই তা সরাসরি আপনার টাইমলাইনে চলে যাবে না, যদি আপনার 'রিভিউ' অপশনটি চালু থাকে। এর মাধ্যমে অন্য কেউ ট্যাগ করলে আপনার কাছে একটি অনুমোদনের অনুরোধ আসবে। আপনি গ্রহণ করলেই কেবল সেটি প্রোফাইলে দেখা যাবে।

কীভাবে চালু করবেন

> ফেসবুক অ্যাপ বা ওয়েবের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান।

> সেখান থেকে সেটিংসে প্রবেশ করে ‘প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নির্বাচন করুন।

> নিচে Reviewing সেকশনে গিয়ে 'Review posts you're tagged in before the post appears on your profile?' অপশনটি চালু (On) করে দিন।

২. কারা ট্যাগ করতে পারবে তা নির্দিষ্ট করুন

ফেসবুকের সাধারণ সেটিংসে যে কেউ অন্যকে ট্যাগ করতে পারেন। তবে আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারেন যে কারা আপনাকে ট্যাগ করার পর তা অন্যরা দেখতে পাবে।

এর জন্য Profile and Tagging সেকশনের Tagging অপশনে যান। সেখানে 'Who can see posts you're tagged in on your profile?' অপশনটি পরিবর্তন করে ফ্রেন্ডস অথবা কেবল নিজের জন্য রাখতে চাইলে Only Me নির্বাচন করুন।

৩. ‘@everyone’ নোটিফিকেশন বন্ধ করা

অনেক সময় গ্রুপ বা পেজ থেকে একসঙ্গে সবাইকে যুক্ত করতে @everyone বা @highlight ব্যবহার করে গণ-নোটিফিকেশন পাঠানো হয়। এটি বন্ধ করারও সুযোগ রয়েছে।

কীভাবে বন্ধ করবেন:

> ফেসবুকের Settings & Privacy থেকে Settings-এ যান।

> Notifications অপশনে ক্লিক করে Tags নির্বাচন করুন।

> সেখানে Batch @everyone mentions অপশনটি বন্ধ (Off) করে দিন।

৪. ইতোমধ্যে করা ট্যাগ সরিয়ে ফেলা

যদি ইতিমধ্যে কোনো আপত্তিকর বা স্প্যাম পোস্টে আপনাকে ট্যাগ করা হয়ে থাকে, তবে তা সহজেই সরিয়ে ফেলা যায়। সেই পোস্টের ডান পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করে Remove Tag অপশনটি বেছে নিলেই আপনার নাম পোস্টটি থেকে মুছে যাবে।

সাইবার বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমে যেকোনো সন্দেহজনক বা ভুয়া লিংকের ট্যাগে ক্লিক করা থেকে বিরত থাকা উচিত। সঠিক প্রাইভেসি সেটিংস ব্যবহারের মাধ্যমে সাইবার স্পেসে নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখা সম্ভব।

/এবি/