শিরোনাম

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, উঠেছে সমালোচনার ঝড়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, উঠেছে সমালোচনার ঝড়
জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের উল্লাস

আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র আলোচনা আর সমালোচনা চলছে। মিসর তো সরাসরিই ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে। এর মধ্যেই আরেকটি বিতর্কে জড়িয়ে গেছে আর্জেন্টিনার নাম। এটিও রেফারিং নিয়েই।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচে ফিফা এমন এক রেফারি প্যানেল নিয়োগ দিয়েছে, যা এই বিশ্বকাপের আগের ৯৬টি ম্যাচে দেখা যায়নি। এই প্রথম কোনো ম্যাচের মাঠ আর মাঠের বাইরের মিলিয়ে পাঁচজন অফিশিয়ালের সবাই এসেছেন একই দেশ থেকে। সেই দেশ আর্জেন্টিনা!

আর্জেন্টিনা-মিসর ম্যাচটি চলার সময়েই ফ্রান্স-মরক্কো ম্যাচের এই রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। বিষয়টি নিয়ে সমালোচনার কারণ একটাই– আগের দুটি বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ের পর দল দুটি যেন একে অপরের চিরশত্রুতে রূপ নিয়েছে।

২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ৩-৩ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জয়ী হয় আর্জেন্টিনা। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ফিফার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

ম্যাচটিতে মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টাইন ফাকুন্দো তেলোক। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনিই দায়িত্বে ছিলেন।

জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদ সহকারী রেফারি হিসেবে কাজ করবেন। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে চতুর্থ কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে। ক্রিস্তিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

পাঁচ আর্জেন্টাইন রেফারি নিয়ে কথা বলেছেন ফরাসি ডিফেন্ডার দায়ো উপামেকানো। তিনি বলেন, ‘রেফারি কে হবেন, তার ওপর আমি মনোযোগ দিতে যাচ্ছি না। আমরা এর আগে কখনো এমনটি করিনি, আমরা মরক্কোর দিকেই মনযোগ দিচ্ছি। আমরা যা চাই, তা হলো এই ম্যাচ জেতা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

/আরএ/