‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে সুরকার ইবরার টিপু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে সুরকার ইবরার টিপু
ইবরার টিপু

সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর ধরে চিকিসা নিচ্ছেন তিনি। সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজ বাসায় অবস্থান করছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইবরার টিপু এখন ‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন।

কবির বকুল তার পোস্টে লেখেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।’

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার সঙ্গে তার কথা হয়েছে উল্লেখ করে বকুল বলেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন। একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সঙ্গে।

সুরকারের সঙ্গে শেষ দেখা হওয়ার স্মৃতিচারণা করে কবির বকুল জানান, এ বছর রোজার ঈদে অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তার বাসায় এসেছিলেন টিপু। আজ অনেক দিন পর আবার তার সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি। কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’

ইবরার টিপুর সংগীতজীবনের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। নিজের সংগীতজীবনে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও জানান এই গীতিকার।

সবশেষ তিনি লেখেন, ‘আমার সংগীত জীবনে তার সঙ্গে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্যোজ্জ্বল সজ্জন মানুষ। হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।’

/জেএইচ/