শিরোনাম

সাফের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সাফের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ লোগো

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ গ্রুপ পর্ব শুরু করবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর চলবে এবারের সাফ। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচি ঘোষণা করেছে সাফ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, ৯টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। সেবার বাংলাদেশ খেলেছিল শেষ চারে।

১৪ নভেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর হবে শিরোপা লড়াই।

/টিই/