শিরোনাম

মেসির গোল-অ্যাসিস্টে জয়ে ফিরলো মায়ামি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসির গোল-অ্যাসিস্টে জয়ে ফিরলো মায়ামি
লিওনেল মেসি। ছবি: ফেসবুক

মেজর লিগ সকার-এ (এমএলএস) আগের ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো ইন্টার মায়ামি। গোল করলেন ও করালেন লিওনেল মেসি। তাতে মায়ামি ৪-২ তে হারালো টরন্টোকে। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে আছে মায়ামি।

আগের রাউন্ডে অরল‍্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরেছিল মায়ামি। এবার ৮০ মিনিট পর্যন্ত ৪-০ তে এগিয়ে থেকেও পরে হজম করেছে দুই গোল।

টরন্টোর মাঠে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যায় মায়ামি। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে লেগে ফেরার পর, পাল্টা ভলিতে বল জালে পাঠান। ৫৬ মিনিটে মেসির পাস বক্সে পেয়ে ব্যবধান বাড়ান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।

৬৮তম মিনিটে বদলি নামার চার মিনিট পর দলের তৃতীয় গোলটি করেন রেগিলন। মেসিকে পাস দিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন তিনি, ফিরতি পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন এই স্প্যানিশ লেফট-ব্যাক।

৭৫ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৪-০ করেন মেসি। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যান তিনি। ডান দিকে ডি পলকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক, সতীর্থের ফিরতি পাস পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে পাঠান মেসি। ৮০ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন মেসি। তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান টরন্টো গোলকিপার। ৮২ ও ৯০তম মিনিটে দুটি গোল শোধ করে স্বাগতিকরা।

/টিই/