১৮ কোটি মানুষের স্বপ্ন ভেঙে ক্ষমা চাইলেন শ্রাবণ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৮ কোটি মানুষের স্বপ্ন ভেঙে ক্ষমা চাইলেন শ্রাবণ
মেহেদী হাসান শ্রাবণ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচটা জেতে ১-০ ব্যবধানে। দল গোল হজম করেছে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে।

ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। দেশের প্রায় ১৮ কোটি মানুষের স্বপ্ন ভেঙেছেন শ্রাবণ এমন কথায় বলছেন অনেকে। আজ রবিবার (১৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এই গোলকিপার।

শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

শ্রাবণের কণ্ঠে অনুশোচনা। আর জামাল ভূঁইয়ার কথায় ক্ষোভ, অভিমান, হতাশা। পাকিস্তানের বিপক্ষে দলের কৌশল ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

টিম ছাড়ার আগে সাংবাদিকদের জামাল বলেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ছয়টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।’

জামালের মতে, প্রতিপক্ষের কৌশল জানা থাকার পরও সেটির মোকাবিলায় কোনো সমাধান খুঁজে পায়নি বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।’

শুধু খেলোয়াড়দের নয়, ম্যানেজমেন্টকেও ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন জামাল।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে এগিয়ে থাকার পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেওয়ার বিষয়টিও সামনে এনেছেন জামাল। তিনি বলেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ সবার সঙ্গে কথা বলেছেন। ম্যানেজমেন্টকেও শিখতে হবে। আগের ম্যাচে যখন আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা ভাবা উচিত ছিল। হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম দরকার ছিল। কারণ, এর ৪৮ ঘণ্টা পরই আমাদের আরেকটি ম্যাচ ছিল।’

/টিই/