শিরোনাম

ইউরোপের দলের বিপক্ষে খেলবেন হামজারা

নিজস্ব প্রতিবেদক
ইউরোপের দলের বিপক্ষে খেলবেন হামজারা
অনুশীলনে হামজারা। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান দলের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ফুটবল খেলেছিল কবে অনেকেরই হয়তো অজানা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, ফিফা উইন্ডোতে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সান মারিনোতে।

২৫ বছর পর ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে সান মারিনো। বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮১, সান মারিনো ২১১ তে।

সান মারিনোর বিপক্ষে ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ এবং দুটি দেশের ‘গুরুত্বপূর্ণ’ মাইলফলক বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে, ‘কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপে খেলা দলটির প্রথম ম্যাচ।’

তবে এর আগে ২০০১ সালে ভারতে অনুষ্ঠিত সাহারা কাপের গ্রুপ পর্বে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও যুগোস্লাভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ।

ইউরোপের মাটিতে এর আগেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। ২০০০ সালে লন্ডনে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে অংশ নিয়েছিল সান মারিনো। তবে আট ম্যাচের সবকয়টিতেই হেরে বাছাইপর্ব শেষ করে ৬১ বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটি।

/টিই/