মেসির বিদায়ী ম্যাচে দিবালা-মলিনাকে যেতে দেবেন না রোমা কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির বিদায়ী ম্যাচে দিবালা-মলিনাকে যেতে দেবেন না রোমা কোচ
পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করবেন লিওনেল মেসি। তার সতীর্থ পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা আন্তর্জাতিক বিরতির জন্য আর্জেন্টিনা দলে ডাক না পেলেও গ্যালারিতে বসে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন।

তবে রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি শেষ পর্যন্ত তাদের সেই সফর আটকে দিয়েছেন।

রোমা কোচের যুক্তি, আন্তর্জাতিক বিরতির পর ক্লাবের ব্যস্ত সূচির আগে আর্জেন্টিনা গিয়ে আবার ইতালিতে ফেরার মতো পর্যাপ্ত সময় নেই।

আন্তর্জাতিক বিরতির পর রোমার ব্যস্ত সূচি শুরু হবে কোমোর বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী রবিবারের ওই ম্যাচের পর তাদের রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরীক্ষা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই খেলোয়াড়কে দীর্ঘ বিমানযাত্রায় পাঠাতে চাননি গাসপেরিনি।

দিবালা-মলিনা যেতে না পারলেও মেসির বিদায়ী ম্যাচকে বিশেষ উপলক্ষ হিসেবেই দেখছেন গাসপেরিনি। আর্জেন্টিনার হয়ে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখে আবেগাপ্লুত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

গাসপেরিনিও বলেন, ‘মেসির বিদায় আবেগঘন হবে। ব্যক্তিগতভাবে খেলোয়াড় ও পরে কোচ হিসেবে অনেক তারকা ফুটবলারকে দেখেছি। কিন্তু মেসির মতো অর্জন আর কারও আছে এটা ভাবা কঠিন। আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে এটা দেখে আমার খারাপ লাগছে।’

/টিই/