শিরোনাম

এবার পরকীয়া বিতর্কে ইনফান্তিনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার পরকীয়া বিতর্কে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বিতর্ক পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এবার ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, উয়েফায় থাকার সময় সংস্থাটির এক নারী কর্মীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন তিনি।

উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় বিবাহিত ইনফান্তিনোর সঙ্গে সম্পর্কে জড়ানো সেই নারীকে দেওয়া হয়েছিল ছয় অঙ্কের অর্থ। উয়েফা তখন এক বিবৃতিতে অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিতও করে।

২০০০ সালে উয়েফায় যোগ দেওয়ার পর ২০০৯-এ সংস্থাটির সাধারণ সম্পাদক হন ইনফান্তিনো। সেই দায়িত্বে থাকার সময়ই নারী কর্মীর সঙ্গে পরকীয়ার জেরে তাকে দিতেন বিশেষ সুবিধা।

উয়েফা ছাড়ার পর সেই নারীর এমবিএ পড়ার খরচও নাকি ইনফান্তিনোর নির্দেশে দিয়েছিল উয়েফা।

দ্য টেলিগ্রাফকে উয়েফার এক কর্তা বলেছেন, ‘সেই কর্মীর বিদায়ের সময় বিপুল টাকা দেওয়া হয়েছিল। সংস্থা ছাড়ার পরও তার পড়ার খরচ দেওয়া হয়েছিল। কোনও কর্মী সংস্থা ছাড়লে, তাকে কিছু টাকা দেওয়া হতো। সেই নিয়মেই তিনি টাকা পেয়েছিলেন। তবে ছয় অঙ্কের টাকা দেওয়া স্বাভাবিক নয়।’

ইনফান্তিনো অবশ্য অনিয়মের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন । ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। ফিফা বা উয়েফার কোনও কর্মী কখনও ইনফান্তিনোর বিরুদ্ধে এমন অভিযোগ তোলেননি।’

/টিই/