বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে: হামজা চৌধুরী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে: হামজা চৌধুরী
হামজা চৌধুরী

চলমান ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে জাতীয় ফুটবল দল। তবে ফল দেখে নিজেদের পারফরম্যান্স বিচার করতে চান না ইংলিশ ক্লাব শেফিল্ডে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। কঠিন মুহূর্ত পার করা বাংলাদেশ ‘দলগতভাবে বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’ বলে মনে করছেন এই মিডফিল্ডার।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বার্তাই দিলেন হামজা চৌধুরী। আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের পর এই টুর্নামেন্টের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অবশ্যই চড়াই-উতরাই ছিল। দুর্ভাগ্যবশত, ভালো মুহূর্তের চেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখিই বেশি হতে হয়েছে। তবে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’ ভালো কিছুর ভিত্তি তৈরি করছি বলেও জানান তিনি।

দল হিসেবে বাংলাদেশ বড় কিছুর দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি বলেন, আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে বাংলাদেশ অপেক্ষাকৃত অনভিজ্ঞ। এটি একধরনের চাপ তৈরি করে এটা সত্য, তবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলায় নিজেদের পরখ করে নেওয়া ও শেখার সুযোগ তৈরি হয়।’

টুর্নামেন্টে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিধর দলের বিপক্ষে খেলছে বাংলাদেশ। তাদের সামনে এখন ইন্দোনেশিয়া ম্যাচ বাকি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে লড়াই করার ক্ষমতায় বাংলাদেশের উন্নতি হচ্ছে বলে মনে করছেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমার মনে হয় আগের (মালয়েশিয়া) চেয়ে আমরা এই (সিঙ্গাপুরের বিপক্ষে) ম্যাচে আরও ভালো খেলেছি। মালয়েশিয়া বেশ শক্তিশালী দল। ওদের বিপক্ষে ম্যাচে আমরা ধীরগতিতে শুরু করেছিলাম, যা পরবর্তীতে খেলায় ফিরে আসা কঠিন করে দিয়েছিল।’

বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৪৫ ধাপ এগিয়ে। তবে মাঠের পারফরম্যান্সে অতটা ব্যবধান রাখেনি থমাস ডুলির দল। ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে তারা। লাল-সবুজের প্রতিনিধিরা উন্নতির পথে আছে দাবি করে হামজা বলছেন, ‘এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার। ওরা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। কিন্তু ম্যাচের কিছু মুহূর্ত দেখলে মাঠে সেই ব্যবধান একেবারেই বোঝা যায় না। তার মানে আমরা সঠিক পথেই আছি।’

তবে কাঙ্ক্ষিত শক্তিতে পৌঁছাতে এখনও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন হামজা চৌধুরী। তিনি বলেন, যদিও বাংলাদেশ দল এখনই নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে এমন নয়, আমাদের আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমার মনে হয় ধাঁধার শেষ দুই বা তিনটি টুকরো মেলানোই এখন বাকি। আশা করছি দ্রুতই মিলিয়ে নিতে পারব। নভেম্বরে ঘরের মাঠে আমাদের একটি বড় টুর্নামেন্ট (সাফ চ্যাম্পিয়নশিপ) আছে। আমরা সেই টুর্নামেন্টের জন্যই নিজেদের প্রস্তুত করছি। আশা করি সেখানে ভালো কিছু অর্জন করতে পারব ইনশাআল্লাহ।’

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। গ্যালারিতে অনেক স্বাগতিক দর্শক থাকবে জানি, তাই দল হিসেবে আমাদের জন্য আরও একটি মূল্যবান অভিজ্ঞতা হতে যাচ্ছে। ইন্দোনেশিয়া খুব ভালো দল। ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলছে। ফলে আরেকটি কঠিন পরীক্ষা হবে।’

নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে লড়াই করাই আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য বলে জানান হামজা চৌধুরী।

/জেএইচ/