সিঙ্গাপুরের কাছেও হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিঙ্গাপুরের কাছেও হারলো বাংলাদেশ
রাকিব গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরে বিপক্ষে প্রথমার্ধে এক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব-ফাহামিদুলরা বেশ কয়েকটি আক্রমণ করে, কর্নারও পায়। তবে ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি। শেষ পর্যন্ত ১-০ তে ম্যাচটি জিতেছে সিঙ্গাপুর।

ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’ তে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে টুর্নামেন্টে টিকে থাকাটা কঠিন হয়ে পড়লো বাংলাদেশ দলের জন্য।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তায় প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ভালো খেলেন জামাল-হামজারা। ৫৭ মিনিটে শেখ মোরছালিনকে তুলে নেন বাংলাদেশের কোচ। তার জায়গায় নামানো হয় মিনহাজুল করিমকে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথম ম্যাচ এটি।

৬৪ মিনিটে ডান প্রান্ত দিয়েই ক্রস পেয়ে হেড করেন শমিত সোম। তবে বারের উপর দিয়ে যায় বল। এরপর রাকিবের দুর্বল শট সহজেই তালুবন্দি করেন সিঙ্গাপুরের গোলরক্ষক। ৭০ মিনিটে জুনিয়র সোহেল রানা ও ফাহামিদুল মাঠে নামেন। তারা নামেন ইতোফুসা ও শমিতের বদলি হিসেবে।

নেমেই কর্নার আদায় করে নেন ফাহমিদুল। তবে জামালের কর্নার থেকে সুবিধা করতে পারেনি দল। ৭৯ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে ফাহামিদুলের ক্রস থেকে রাকিবের হেড লক্ষ্যেই ছিল। তবে সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের পিঠে লেগে কর্নার হয়।

৮০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ দল। তবে এবারও সফল হয়নি দল। দুই মিনিট পর ফের কর্নার পায় বাংলাদেশ। গল্পটা একই থাকে। গোল পায়নি বাংলাদেশ দল। যোগ করা সময়েও তেমন কিছু ঘটেনি।

এর আগে ম্যাচের ৩৩ মিনিটে বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া সেই ফ্রি কিক শট দুর্দান্ত ব্লকে প্রতিহত করেছেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান। দুই মিনিট পর মাঠের ডানপ্রান্ত দিয়ে উড়ে আসা ক্রস থেকে হেডে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে নেন রায়ান স্টুয়ার্ট।

১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই হারের ফলে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে খেলাও কঠিন হয়ে পড়লো বাংলাদেশের জন্য। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্দোনেশিয়া–মালয়েশিয়া ম্যাচ ড্র হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।

/টিই/