সাফে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সাফে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ
তপু বর্মণ

সাফ চ্যাম্পিয়নশিপে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় আকস্মিক রদবদল বাংলাদেশ ফুটবল দলে। জামাল ভূঁইয়ার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে ডিফেন্ডার তপু বর্মণের কাঁধে। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ নিয়ে সংবাদ সম্মেলনে নানা প্রশ্ন উঠেছে। তবে কোচ টমাস ডুলি জানিয়েছেন, রক্ষণভাগ থেকে পুরো দলকে গোছানোর জাদুকরী ক্ষমতাই তপুর পক্ষে রায় দিতে বাধ্য করেছে তাকে।

ডুলির মতে, পেছনের দেয়াল মজবুত রাখতে মাঠে এমন একজন ফুটবলার দরকার যিনি গলা ফাটিয়ে সতীর্থদের দিকনির্দেশনা দিতে পারবেন। গোলরক্ষকের চেয়ে সেন্টারব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের এ দায়িত্বে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তপুকে বেছে নেওয়ার ব্যাখ্যায় কোচ বলেছেন, ‘রক্ষণভাগে এমন একজনকে প্রয়োজন, যিনি কথা বলে দলকে সংগঠিত করতে পারবেন। সে ক্ষেত্রে গোলরক্ষক নয়, একজন সেন্টারব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার অধিনায়ক হলে ভালো হয়। তপুর সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা আছে। সে দলের নেতা এবং সতীর্থদের কাছেও সম্মানিত।’

তবে বাহুতে আর্মব্যান্ড থাকলেই যে কেবল নেতা হওয়া যায়, এমন সংকীর্ণ ভাবনায় বিশ্বাসী নন ডুলি। তার মতে, আসল নেতৃত্ব ফুটে ওঠে সবুজ ঘাসের গালিচায় সতীর্থদের পথ দেখানোর মধ্য দিয়ে। এ প্রসঙ্গে ডুলি আরও যোগ করেন, ‘আমাদের দলে জামাল, হামজা, তপু, সাদসহ অনেক নেতা আছে। অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও একজন খেলোয়াড় নেতা হতে পারেন। মাঠে সতীর্থদের পথ দেখানোই আসল।’

/এমএকে/