শিরোনাম

মেসির সঙ্গে বিতর্ক ও এমবোলোর লাল কার্ডের ব্যাখ্যা দিলেন রেফারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির সঙ্গে বিতর্ক ও এমবোলোর লাল কার্ডের ব্যাখ্যা দিলেন রেফারি
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মেসির সঙ্গে বিতর্কে জড়ান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: ইয়াহু স্পোর্টস

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটি মাঠের ফুটবলের পাশাপাশি উত্তপ্ত ছিল নানা তর্ক-বিতর্কেও। বিশেষ করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে রেফারির বাক্যবিনিময় এবং সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলোকে দেখানো লাল কার্ড ম্যাচটি ঘিরে নাটকীয়তা কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বিতর্কিত এ সিদ্ধান্তগুলো নিয়ে এবার মুখ খুলেছেন ম্যাচের দায়িত্ব পালনকারী পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটির এসব ঘটনা নিয়ে পর্তুগালের ‘চ্যানেল ১১’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

ম্যাচ চলাকালে মেসির সঙ্গে বাদানুবাদ প্রসঙ্গে পিনহেইরো জানান, খেলার মাঠে রেফারি ও খেলোয়াড়দের মধ্যে এমন আলোচনা খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে অধিনায়কদের রেফারির সঙ্গে কথা বলার অধিকার ফুটবলের নতুন নিয়মেই স্বীকৃত। তবে মেসি বা রোনালদোর মতো তারকাদের জড়িয়ে কোনো ঘটনা ঘটলেই সংবাদমাধ্যমে তা একটু বেশি গুরুত্ব পায়। তিনি উল্লেখ করেন, মাঠে প্রতিটা পরিস্থিতিতে কার্ড না দেখিয়ে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়াই যুক্তিযুক্ত এবং ইতিবাচক।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি ছিল ব্রিল এমবোলোর বহিষ্কার। পিনহেইরো জানান, শুরুতে তিনি ভেবেছিলেন সুইজারল্যান্ডের খেলোয়াড়কে ফাউল করা হয়েছে। কিন্তু পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষা করে দেখেন, সেখানে কোনো ফাউল হয়নি, বরং ফাউলের অভিনয় করা হয়েছিল। এরপর মাঠের স্ক্রিনে রিভিউ দেখে ফিফার নতুন নিয়ম মেনে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান তিনি। রেফারির মতে, এসব নিয়ম খেলার মান বাড়াতে এবং সঠিক বিচার নিশ্চিতে সহায়তা করছে।

রেফারি নিজের সিদ্ধান্তকে নতুন নিয়মের অংশ হিসেবে সমর্থন করলেও তার সঙ্গে একেবারেই একমত হতে পারেনি ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার করেছে, এমবোলোকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্তটি ছিল পুরোপুরি রেফারির একটি ভুল।

/এমএকে/