মেসি নিজের চেয়ে দলকে এগিয়ে রাখে: হ্যারি কেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি নিজের চেয়ে দলকে এগিয়ে রাখে: হ্যারি কেইন
লিওনেল মেসি ও হ্যারি কেইন

ব্যালন ডি’অরের দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখে খেলা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দারুণ মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অরে নিজের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে গত বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও জানান কেইন।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছিল ইংল্যান্ড। তবে মেসির অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মার্কা কে কেইন বলেন, ‘স্পষ্টত সেদিন ওভাবে বাদ পড়ার মুহূর্ত ছিল কষ্টের। কিন্তু মেসির জন্য আমার অনেক শ্রদ্ধা। আমি মনে করি মেসি এক কথায় অসাধারণ খেলোয়াড়। একজন চমৎকার ব্যক্তিও, যারা তাকে চেনেজানে, তারা আমাকে বলেছে। তার বিপক্ষে মাত্র দুইবার আমার দেখা হয়েছে, কিন্তু আমার কাছে তাকে খুবই বিনয়ী একজন মানুষ মনে হয়েছে। সে সবসময় নিজের চেয়ে দলকে এগিয়ে রাখে। আমার মনে হয় আর্জেন্টিনা যে সাফল্য অর্জন করেছে, এটা অন্যতম কারণ।’

বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর মেসিকে অভিনন্দন জানানোর কথা বললেন ইংল্যান্ড অধিনায়ক, ‘ওই দিনের কথা মনে আছে, আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং ফাইনালের জন্য শুভ কামনা জানিয়েছিলাম। বিশ্বকাপ শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে ছিল না।’

তিনি আরও বলেন, ‘সেদিন এবং হারের পরেও আমি মাথা উঁচু করে রাখার এবং প্রতিপক্ষ দলকে সম্মান দেখানোর চেষ্টা করেছিলাম। আমার মনে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিশেষ করে মেসির প্রতি, কারণ ফুটবলে বহু বছর ধরে তিনি যা দিয়ে এসেছেন।’

/টিই/