শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতার পর আবেগঘন বার্তা বেলিংহামের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 বিশ্বকাপ ব্যর্থতার পর আবেগঘন বার্তা বেলিংহামের
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে হারের ধাক্কা কাটিয়ে সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। থ্রি লায়ন্সদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের অকুণ্ঠ সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দেশবাসীর মধ্যে গড়ে ওঠা এ অভূতপূর্ব ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে থ্রি লায়ন্সরা প্রথমে এগিয়ে গেলেও এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা এবং যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের গোলে ফাইনাল নিশ্চিত করে তারা। এ হারের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেলিংহাম জানান, তাৎক্ষণিকভাবে সঠিক শব্দ খুঁজে পাওয়া তার জন্য কঠিন ছিল। তবে কানসাস থেকে তাদের বাসচালকের দেওয়া একটি বার্তাই পুরো দলের অনুভূতিকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছে।

দেশের মানুষের অবিশ্বাস্য সমর্থন এবং যারা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রায় যে ঐক্য ও ভালোবাসা আমরা দেখেছি, তা যেন এখানেই শেষ না হয়। আমরা যখন একসঙ্গে থাকি, তখন বড় কিছু অর্জন করতে পারি এবং আমরা তা করব।

পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বেলিংহাম। সাত ম্যাচে ছয় গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। বিশেষ করে নকআউট পর্বে মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলতে তিনি মূল ভূমিকা পালন করেন। শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের সামনে সান্ত্বনার জয় পাওয়ার সুযোগ রয়েছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্সের। অন্যদিকে, রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান পরাশক্তি স্পেন।

/এমএকে/