আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সারাদেশে গ্রেপ্তার ১৬৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সারাদেশে গ্রেপ্তার ১৬৬
লিওঁতে পর্যটন দপ্তরে আগুন জ্বলছে ও এক বিক্ষোভকারী একটি বস্তুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছেন

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ পুরো ফ্রান্সজুড়ে নেমেছিল মানুষের ঢল। বিক্ষোভে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনভর তাণ্ডব ও সহিংসতার অভিযোগে সারা দেশে অন্তত ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, প্যারিসের কেন্দ্রস্থলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত প্লাস দে লা রিপাবলিক চত্বর ও এর আশপাশের সড়কগুলো একপ্রকার অবরুদ্ধ করে ফেলে বিপুলসংখ্যক পুলিশ। সেখানেই মুখোশ ও হুড পরা একদল তরুণ পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

প্যারিসের বাইরেও এ উত্তাপ ছড়িয়ে পড়ে। দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে উত্তেজিত জনতা টাউন হলের ভেতরে ঢুকে পড়ে এবং শহরের মূল বাণিজ্যিক এলাকায় বেশ কয়েকটি দোকানে লুটপাট করে। অন্যদিকে, লিওঁ শহরের একটি স্থানীয় পর্যটন কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত দেশজুড়ে প্রায় ১৪০টি পৃথক স্থানে বিক্ষোভ হয়েছে। এতে অন্তত ৩২ হাজার ৮০০ মানুষ রাস্তায় নামেন।

খাদ্য ও জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদেই মূলত সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তবে এর পেছনে আগের কিছু ঘটনার ক্ষোভও জমা ছিল। গত কয়েক সপ্তাহ ধরে স্কুলগুলোর জরাজীর্ণ অবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। সেখানে পুলিশি অ্যাকশনে বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মক জখম হন। ওই সংঘর্ষে ১৫ বছরের এক কিশোরীর হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

অবশ্য সব জায়গায় পরিস্থিতি হিংসাত্মক ছিল না। অনেক শহরেই শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী, শিক্ষক ও সাধারণ নাগরিকেরা একত্র হয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি, ২০১৮ সালে ফরাসি রাজনীতি কাঁপিয়ে দেওয়া ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ ভেস্ট পরা আন্দোলনকারীরাও এবারের রাজপথের লড়াইয়ে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

পরিস্থিতি জটিল হওয়ার আগে শুক্রবার (২৬ অক্টোবর) সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, বিক্ষোভ করা ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে এ অধিকারের সঙ্গে মানুষের প্রতি শ্রদ্ধা দেখানো, সম্পদ রক্ষা করা এবং কোনো কিছু ধ্বংস না করার দায়িত্বও জড়িত।

সূত্র: আল জাজিরা

/এমএকে/