শিরোনাম

বিশ্বকাপে গ্যালারি মাতাচ্ছে ইয়ামালের ছোট ভাই কেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে গ্যালারি মাতাচ্ছে ইয়ামালের ছোট ভাই কেইন
লামিনে ইয়ামাল ও তার ছোট ভাই কেইন। ছবি: ইয়াহু স্পোর্টস

চলমান ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ে বিশ্বসেরা তারকারা বুঁদ করে রেখেছেন দর্শকদের। আর গ্যালারি থেকে স্পটলাইট কেড়ে নিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক খুদে সেনসেশন। জার্সি গায়ে কিংবা পায়ে বল ছাড়াই স্রেফ মিষ্টি হাসি আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে গ্যালারি মাতাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের তিন বছর বয়সী ছোট ভাই কেইন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে ইতোমধ্যেই গ্যালারির স্প্যানিশ সুপারস্টার আখ্যা দিয়েছে।

মাঠের ফুটবলের পাশাপাশি প্রতিটি ম্যাচেই এখন দর্শকদের বাড়তি আকর্ষণ কেইনের স্বতঃস্ফূর্ত দুষ্টুমি। ক্যামেরা একবার তার দিকে গেলেই অদ্ভুত সব মুখভঙ্গি আর উচ্ছ্বাস দিয়ে মুহূর্তেই সে গ্যালারির দর্শকদের মন জয় করে নেয়।

সম্প্রতি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর গ্যালারিতে থাকা কেইনের মজার কিছু কাণ্ড ক্যামেরায় ধরা পড়ে। বড় স্ক্রিনে ছোট ভাইয়ের সেই দুষ্টুমি দেখে খোদ মাঠে থাকা লামিনে ইয়ামালও হাসি ধরে রাখতে পারেননি। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় দুই ভাইয়ের সেই আনন্দঘন মুহূর্ত।

অবশ্য ফুটবলপ্রেমীদের কাছে কেইন একেবারেই নতুন নয়। এর আগে ২০২৪ সালে স্পেনের ইউরো জয় উদযাপনে মাঠে ট্রফি হাতে কিংবা প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানের রেড কার্পেটে ছোট কালো স্যুট ও স্নিকার্স পরে হাজির হয়ে সে নজর কেড়েছিল সবার। এমনকি অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ের পরও দুই হাত তুলে কেইনের ‘ভামোস’ চিৎকার করার দৃশ্যটি মন ছুঁয়েছিল কোটি ভক্তের।

২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইনের সঙ্গে ইয়ামালের বয়সের ব্যবধান প্রায় ১৫ বছর। মা এক হলেও তাদের বাবা আলাদা। কিন্তু দুই ভাইয়ের গভীর সম্পর্কের মাঝে সেটা কোনো দূরত্ব তৈরি করতে পারেনি। ছোট ভাইকে নিজের সন্তানের মতো ভালোবাসেন বার্সেলোনা তারকা ইয়ামাল। শৈশবে নিজে চরম দারিদ্র্য ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হলেও, এখন মাকে সুখী দেখতে পাওয়া এবং ছোট ভাইকে একটি সুন্দর ও আনন্দময় শৈশব উপহার দিতে পারাকেই নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন ইয়ামাল। মাঠের ফুটবল দিয়ে বিশ্ব জয় করছেন বড় ভাই লামিনে, আর গ্যালারিতে বসে সরল হাসিতে সবার মন জয় করে চলেছে খুদে তারকা কেইন।

/এমএকে/