মধ্যপ্রাচ্যকে পরাশক্তিগুলোর যুদ্ধের ময়দান বানানো উচিত নয়: শি জিনপিং

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধ্যপ্রাচ্যকে পরাশক্তিগুলোর যুদ্ধের ময়দান বানানো উচিত নয়: শি জিনপিং
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলকে বড় দেশগুলোর ভূরাজনৈতিক লড়াই বা দ্বন্দের কেন্দ্রবিন্দু বানানো উচিত নয় বলে মন্তব্য করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২ নভেম্বর) ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে চীন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি বলেও নিশ্চিত করেন তিনি।

ওমানের সুলতানের সঙ্গে আলোচনার একপর্যায়ে শি জিনপিং বলেন, বিশ্বজুড়ে এখন এক বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে শি জিনপিং জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চল কোনোমতেই বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হওয়া উচিত নয়। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের যৌথ প্রচেষ্টা ও সুরক্ষা প্রয়োজন।’

চলমান সংকট প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধ থামানোই চীনের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতি সামলাতে চীন তাদের নিজস্ব ‘প্রজ্ঞা ও সমাধান’ দিতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-সহ অন্যান্য আরব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও বোঝাপড়া আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

বৈঠক শেষে ২০ দফার একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার স্বাভাবিক ও নিরাপদ করার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে। আন্তর্জাতিক বাণিজ্যের এ গুরুত্বপূর্ণ জলসীমায় স্থবিরতা কাটাতে এবং বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম ও পরিবহন খরচ নাগালের বাইরে চলে যাওয়া ঠেকাতেই এ নিয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানকে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে দূরে থেকে আলোচনার টেবিলে ফেরার পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে। দুই পক্ষকেই সংঘাত এড়িয়ে চলতে এবং জুনে করা চুক্তি অনুযায়ী নতুন করে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বেইজিং ও মাসকাট।

সূত্র: সিএনএ

/এমএকে/