শিরোনাম

অবশ্যই, দায় আমার: টুখেল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অবশ্যই, দায় আমার: টুখেল
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হলো ইংল্যান্ডের। সেমিফাইনালের এ নাটকীয় ও হৃদয়বিদারক পরাজয়ের পর নিজের রণকৌশল নিয়ে তীব্র সমালোচনা সত্ত্বেও হারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইংলিশ কোচ থমাস টুখেল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল জানান, এ হারে তার মনে কোনো আক্ষেপ নেই কারণ তার শিষ্যরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এটি ছিল তাদের অন্যতম সেরা পারফরম্যান্স, কেবল শেষ মুহূর্তে ম্যাচটি সফলভাবে শেষ করে আসতে পারেনি দল।

ম্যাচে এগিয়ে যাওয়ার পর হঠাৎ রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়ায় সমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এ ইংলিশ কোচকে। কারণ তার এই পরিবর্তনের পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে জার্মান এ মাস্টারমাইন্ড বলেন, পাঁচ ডিফেন্ডারের ফর্মেশনে যাওয়াটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। আর্জেন্টিনার একের পর এক ক্রস ও হেডের আক্রমণ রুখতেই মূলত তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কৌশলগত ভুলের প্রশ্নে সংক্ষিপ্ত জবাবে তিনি স্পষ্ট করেই বলেন, ‘অবশ্যই, দায় আমার।’

পরাজয়ের গ্লানি থাকলেও প্রতিকূল কন্ডিশনে লড়াই করার জন্য নিজের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন টুখেল। দীর্ঘ ভ্রমণ, অতিরিক্ত উচ্চতা, তীব্র গরম এবং পূর্ববর্তী ম্যাচে ১০ জন নিয়ে খেলার মতো কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও ফুটবলাররা যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, তাকে অসাধারণ বলে আখ্যা দেন তিনি।

শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টে ইংল্যান্ডের যাত্রা এখনই শেষ হচ্ছে না। সান্ত্বনার খোঁজে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হবে ফ্রান্সের। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জনের লক্ষ্যে মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

/এমএকে/