শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন সেনেগাল কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন সেনেগাল কোচ
বরখাস্ত হয়েছেন পাপে থিয়াও

বিশ্বকাপ ফুটবলের শেষ বত্রিশের লড়াই থেকে নাটকীয় বিদায়ের জেরে চাকরি হারালেন সেনেগাল জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও। রবিবার (১২ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি বৈঠকের পর এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এফএসএফ জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে এবং জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে সোমবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলন করবেন ফেডারেশনের সভাপতি আব্দুলায়ে ফল। ৪৫ বছর বয়সী সাবেক সেনেগালিজ ফুটবলার পাপে থিয়াও ২০২৪ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে এবারের বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হলো তাকে। গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হারলেও শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে পা রেখেছিল ‘লায়ন্স অব তেরাঙ্গা’রা।

কিন্তু শেষ বত্রিশের নকআউট ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে চরম ট্র্যাজেডির শিকার হয় সেনেগাল। ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। মূলত এ ম্যাচটিই থিয়াওর বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। এর আগে থিয়াওর অধীনে গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেছিল সেনেগাল। তবে মরক্কোর বিপক্ষে ফাইনালে মাঠ ছেড়ে চলে যাওয়ার মতো বিশৃঙ্খল আচরণের শাস্তিস্বরূপ পরবর্তীতে তাদের কাছ থেকে সেই শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল।

/এমএকে/