শিরোনাম

এমন নিষ্ঠুর বিদায় মানতে পারছেন না সেনেগাল কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমন নিষ্ঠুর বিদায় মানতে পারছেন না সেনেগাল কোচ
পানি পানের বিরতির সময় সেনেগালের কোচ পাপে থিয়াও খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর এক রোমাঞ্চকর ও নাটুকে ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় এবং অতিরিক্ত সময়ের বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকান দলটির। ম্যাচের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন ইউরি টিলেমান্স। দলের এমন নিষ্ঠুর বিদায় মেনে নিতে পারছেন না সেনেগালের কোচ।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও বিতর্কিত পেনাল্টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি এবং এটি অবশ্যই অত্যন্ত কষ্টের।’ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে থিয়াও আফসোস করেন, তারা শেষ মুহূর্তে ২-০ গোলের নিরাপদ লিডটি ধরে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের প্রবল আক্রমণ সামলানো তাদের জন্য কঠিন ছিল উল্লেখ করে তিনি জানান, ফুটবলে এমনটা ঘটেই থাকে এবং সবাই এই সিদ্ধান্তের যার যার মতো ব্যাখ্যা দেবে।

সিয়াটলের এ ম্যাচে প্রথমার্ধ থেকেই দুর্দান্ত দাপট দেখায় সেনেগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচ পরবর্তী বিশ্লেষণে কোচ জানান, শেষ দিকে তাদের কয়েকজন খেলোয়াড় চরম ক্লান্তি ও শারীরিক সমস্যায় ভুগছিলেন, যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে লিড হারানোর পরও ম্যাচটি বাঁচানোর সুযোগ ছিল বলে তিনি মনে করেন।

ম্যাচের সবচেয়ে নাটকীয় ও বিতর্কিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের দ্বাদশ মিনিটে। বেলজিয়ামের বক্সে একটি ক্রসের সময় সেনেগালের খেলোয়াড় কামারা ট্যাকল করলে মাটিতে পড়ে যান ইউরি টিলেমান্স। মাঠের রেফারি, সাঈদ মার্তিনেজ প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও, ভিএআরের দায়িত্বে থাকা রোদলফো টোস্কির সুপারিশে ভিডিও পর্যালোচনা শেষে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে (ম্যাচের ১২৪ মিনিটে) সেই পেনাল্টি থেকেই গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।

এই পরাজয়কে নিষ্ঠুর আখ্যা দিয়েছেন থিয়াও। তিনি বলেন, শেষ মুহূর্তের চাপ তার দল সামলাতে পারেননি। এখন টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তাদের সামনে তাকানো এবং নিজেদের ভুলগুলো সংশোধন করা ছাড়া উপায় নেই। উল্লেখ্য, গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে জিতলেও ফ্রান্স ও নরওয়ের কাছে হেরেছিল সেনেগাল। নকআউট পর্বের প্রথম ম্যাচেই বিদায় নিল তারা, আর শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

/এমএকে/