শিরোনাম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩৬ বছর পর ফিরে এলো এমন দৃশ্য

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩৬ বছর পর ফিরে এলো এমন দৃশ্য
উদ্বোধনী ম্যাচে রেফারি উইল্টন সাম্পাইও দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে-কে লাল কার্ড দেখাচ্ছেন।

মেক্সিকোর বিপক্ষে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই শৃঙ্খলাভঙ্গের চরম মাশুল দিয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা। আসরের প্রথম ম্যাচেই জোড়া লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়াদের দুই মিডফিল্ডারকে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একই দলের দুজন খেলোয়াড়ের এমন বহিষ্কারের ঘটনা বিশ্বমঞ্চে আর দেখা যায়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম ধাক্কাটি খায় দক্ষিণ আফ্রিকা। একটি মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ইয়ায়া সিথোল। ১০ জনের দলে পরিণত হওয়া প্রোটিয়াদের ওপর চাপ আরো বাড়ে ম্যাচের শেষভাগে এসে। মেক্সিকোর একটি আক্রমণের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর চড়াও হন দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার জোয়ানে। মাঠে বিষয়টি প্রাথমিকভাবে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিএআর (VAR) প্রযুক্তির সহায়তায় পার পাননি তিনি। অন-ফিল্ড মনিটরে রিপ্লে দেখার পর রেফারি উইলটন সাম্পাইও জোয়ানেকেও সরাসরি লাল কার্ড দেখান।

এর ফলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো উদ্বোধনী ম্যাচে একই দলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখার নজির সৃষ্টি হলো। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ক্যামেরুনের ক্যানা-বিয়িক এবং ম্যাসিং লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।

/এমএকে/